বিজ্ঞাপন

পানছড়িতে বিজিবির অভিযান, ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

অ+
অ-
পানছড়িতে বিজিবির অভিযান, ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি টহলদল দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার পথে আনুমানিক ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি টহলদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। অতিরিক্ত বিজিবি সদস্য পৌঁছানোর খবর পেয়ে সন্ত্রাসীরা ধীরে ধীরে সরে যায়।

বিজিবির তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম কঠোরভাবে দমন করা হচ্ছে।

মোহাম্মদ শাহজাহান/এএমকে

বিজ্ঞাপন