বিজ্ঞাপন

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

অ+
অ-
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ মাসুমা আক্তার। জন্মের পর মা ও পাঁচ শিশু সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। এদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে। এমন বিরল ঘটনা দেখতে এলাকার মানুষের ঢল নেমেছে বাড়িটিতে।  

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি শুক্রবার সন্ধ্যায় জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে নিজ বাড়িতে পাঁচ সন্তান নিয়ে ফিরেছে পরিবারটি।

বর্তমানে নিজ বাড়িতেই শিশুদের যত্ন নেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের চিকিৎসক দল রয়েছে। তাদের পক্ষ থেকেও নজরদারি রয়েছে। এর আগে গত ৫ এপ্রিল ঢাকার পিজি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মাসুমার কোলজুড়ে আসে পাঁচটি শিশু। এ ঘটনায় ওই পরিবারটির মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে।

মাসুমার স্বামী কাজল মিয়া জানান, আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠার আগেই নির্দিষ্ট সময়ে আমরা ভালো চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে চলে যাই। সেখানকার চিকিৎসকরা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে সিজার সম্পন্ন করে। পরে এক এক করে পাঁচ সন্তান আমাদের কোলে এনে দেন। এমন ঘটনায় ওই হাসপাতালের চিকিৎসকরাও হতভম্ভ হয়ে যায়। আমি কখনও ভাবিনি আমার স্ত্রী আর সন্তানদের সুস্থভাবে নিয়ে বাড়ি ফিরতে পারব।

বিজ্ঞাপন

কাপাসিয়া মডিউল কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কামরুজ্জামান সেলিম ঢাকা পোস্টকে বলেন, গতকাল শুক্রবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই পাঁচ নবজাতক ও মাকে নিয়ে আমাদের হাসপাতালে আসে পরিবারটি। এখানে আমরা বাচ্চাদের ওজন পরিমাপ করে দেখি পাঁচ বাচ্চার ওজন একত্রে আট কেজি। আর প্রতি বাচ্চাই দেড় কেজি ও তার বেশি রয়েছে। সাধারণত এমন ঘটনা অত্যন্ত বিরল। মূলত যে নারীরা সন্তান নিতে আগ্রহী হয়ে ঔষধ সেবন করে থাকেন, তাদের মধ্যে এমন প্রবণতা দেখা দেয়। আমরা শিশুদের পরীক্ষা নিরীক্ষা করে সুস্থতা নিশ্চিত করে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি।

আশিকুর রহমান/এসএইচএ 

বিজ্ঞাপন