বিজ্ঞাপন

তিন মাসের মাথায় দেয়াল চাপায় প্রাণ গেল সৌদি প্রবাসী যুবকের

অ+
অ-
তিন মাসের মাথায় দেয়াল চাপায় প্রাণ গেল সৌদি প্রবাসী যুবকের

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে একটি নির্মাণাধীন ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে ইউসুফ সৌদি আরবে পাড়ি জমান। শুক্রবার বিকেলে দাম্মামের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবার আকস্মিক মৃত্যুতে শিশুটি এখন পিতৃহারা, যা পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিহতের ভাতিজা আরমান হোসেন জুহিন বলেন, চাচা আমাদের পরিবারের সবচেয়ে বড় ভরসা ছিলেন। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে কষ্ট করে পরিবারটাকে ভালোভাবে গুছিয়ে তুলবেন। কিন্তু ভাগ্য এত নির্মম হবে, তা কখনও ভাবিনি। তার এই আকস্মিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত চাচার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয় এবং আমাদের পরিবারকে এই কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম বলেন, মোহাম্মদ ইউসুফের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। 

বিজ্ঞাপন

এসএইচএ