বরিশালের বানারীপাড়ায় বাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আলম কমিশনারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে স্থানীয় ডিলার মো. শামসুল আলম শিমুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, শামসুল আলম শিমুর সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুতের অনুমতি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে প্রায় ২০০০ থেকে ২৫০০টি সিলিন্ডার নিজ বাড়িতে অবৈধভাবে মজুত করে আসছিলেন।
বিজ্ঞাপন
এসব সিলিন্ডার তিনি উপজেলা সদরের বন্দর বাজার ফেরিঘাট সংলগ্ন তার প্রতিষ্ঠান ‘বৈশাখী প্লাস’ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতেন। পরে তার বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি মজুতকৃত সিলিন্ডার দ্রুত বাজারে সরবরাহ এবং অনুমতিপত্র অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার মুচলেকা নেওয়া হয় বলে জানিয়েছেন এনএসআই সদস্যরা।
অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএইচএ
