কোলাহলমুক্ত এক উঠান, চারপাশে স্বজনদের ভিড়, আর মাঝখানে হাসি-আনন্দে ভরা কয়েকটি নতুন জীবনের শুরু এমনই এক মানবিক আয়োজনের সাক্ষী হলো কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) দুপুরে শিলখালী ইউনিয়নের পেঠানমাতবর পাড়ায় নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোছাইনের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রমী গণবিবাহ অনুষ্ঠান।
নিজস্ব অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে চারজন বর ও চারজন কনের বিবাহ সম্পন্ন হয় যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠান ঘিরে ছিল এক আবেগঘন পরিবেশ। দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য এমন আয়োজন যেন নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের জন্য দোয়া ও শুভকামনা জানান উপস্থিত অতিথিরা।
বিজ্ঞাপন
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কামাল হোছাইন। এতে বক্তব্য রাখেন সমাজসেবক বেলাল উদ্দিন আহমদ, বশির আহমদ, ফরিদুল আলম সিকদার, অধ্যাপক সালাহ উদ্দিন, মাওলানা মনজুর আলম, প্রেসক্লাব সেক্রেটারি আবদুল্লাহ আনসারী ও নেজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চেয়ারম্যান কামাল হোছাইন বলেন, আমি জীবনে কখনও দুর্নীতি করিনি, কোনো দলের রাজনীতিও করি না। মানুষের কল্যাণে কাজ করতে চাই। অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন গণবিবাহ আয়োজনের ইচ্ছা রয়েছে।
তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলেই অনেক সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তবুও মানুষের পাশে থাকতে চাই। সকলের দোয়া কামনা করছি।
বিজ্ঞাপন
স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসচ্ছল পরিবারের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করে। এই ধরনের মানবিক আয়োজন সমাজের অন্য বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা করছেন তারা।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ
