বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সোনালি আঁশ ছিল আমাদের পাটের সোনালি যুগ ছিল। আজকে সেটি অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। আমরা সেটিকে পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের গত নির্বাচনে নির্বাচনি ইশতাহারে ছিল সারাদেশের যেসব টেক্সটাইল মিলস অথবা জুট মিলস চালুর বিষয়ে কমিটমেন্ট ছিল। সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আজকে আমরা নীলফামারীর টেক্সটাইল মিলস পরিদর্শনে এসেছি ইতোমধ্যে এটিকে নিয়ে টেন্ডার আহ্বান করেছি সেটি মূল্যায়নের কাজ চলছে। আশা করছি দুই থেকে তিন মাসের মধ্যে এই মিলসে আবার কর্মচাঞ্জল্যতা ফিরে আসবে। এটি চালু করা হলে এ এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমাদের সরকারের লক্ষ্য কর্মসংস্থান করা। দেশের অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনা। এছাড়া আমরা গত ১৭ বছর সব সেক্টরে স্থবিরতা লক্ষ্য করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। বিশেষ করে জেলা পর্যায়ে প্রান্তিক মানুষের চাহিদা পুরন করব। সারাদেশে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বন্ধ সব মিলস বিনিয়োগকারী এনে চালু করা হবে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা আগামী দিনে পাটের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। দেশীয় বিভিন্ন পাটজাত পণ্যের ব্যবহার কীভাবে বৃদ্ধি করা যায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে মানুষকে উৎসাহিত করা হবে।
এসময়ে নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাইদুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুর লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহজাহান ইসলাম লেলিন/আরকে
