উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বরগুনা জেলায় হাম মোকাবিলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়েছে হেল্প ডেস্ক (পরামর্শ কেন্দ্র)। আক্রান্ত রোগীদের বিভিন্ন ধরনের সহযোগিতাসহ স্বজনদের সঠিক পরামর্শের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষেই এ কার্যক্রম শুরু করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ হেলথ ওয়াচ ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এ পরামর্শ কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়।
খোঁজ নিয়ে জানায় যায়, গত বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে বরগুনায় হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। ওই সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাড়তি রোগীর চাপ সামাল দিতে এবং চিকিৎসাসেবা নিশ্চিতে সহায়তার জন্য পরামর্শকেন্দ্র স্থাপন করা হয়। যেখানে বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা রোগী ও স্বজনদের বিভিন্ন পরামর্শ এবং শৃঙ্খলার মাধ্যমে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সহযোগিতা করেন। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় আবারও পরামর্শকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ পরামর্শকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, গতবছর ডেঙ্গুর সময়ে পরামর্শ কেন্দ্র (হেল্প ডেক্স) কার্যক্রমের মাধ্যমে আমরা সুফল পেয়েছি। হাসপাতালে একজন রোগীর সঙ্গে তিন থেকে চারজন স্বজন আসে, যে কারণে প্রায় তিন থেকে চারগুণ লোক সংখ্যা বেড়ে যায়। আর এর ফলে হাসপাতালে ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে হামে আক্রান্ত রোগীর থেকে বেশি সংখ্যক মানুষের মাঝে সংক্রমণ ছড়ায়। হাসপাতালে জনবল কম থাকায় অনেক সময় অতিরিক্ত ভিজিটর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। পরামর্শকেন্দ্র স্থাপনের মাধ্যমে দায়িত্বে থাকা সেচ্ছাসেবীরা রোগীদের সঙ্গে আসা ভিজিটরদের সঠিক পরামর্শ দেবেন। এতে আশা করি, ভিজিটর নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধি পেলে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসবে।
বিজ্ঞাপন
মো. আব্দুল আলীম/এএমকে
