সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ তেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু অভিযানে নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অতিরিক্ত ডিজেল মজুত রাখার অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত ৬ ব্যারেল ডিজেল থানায় জমা দেওয়া হয়।
বিজ্ঞাপন
অভিযানের সময় অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও একাধিক ভেকু গাড়ি পরিচালনার জন্য এ তেল মজুত করা হয়েছিল। তবে, স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাড়িতে জ্বালানি তেল মজুত করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন।
অভিযান শেষে অভিযুক্ত চেয়ারম্যান ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত করবেন না মর্মে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
ইব্রাহিম খলিল/এসএইচএ
