বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। একটি সুশৃঙ্খল ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত, সড়ক, পার্ক এবং বিভিন্ন জনসমাগমস্থল থেকে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। উচ্ছেদের আগে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় অবৈধ দখলদারদের সাত দিনের সময় দেওয়া হয় এবং মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও এখনও কিছু স্থানে দখল অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
অভিযান সংশ্লিষ্টরা জানান, নগর ভবন এলাকা থেকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ত মোড়, পার্ক ও অন্যান্য জনসমাগমস্থলে বিস্তৃত করা হবে। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, কিছুসংখ্যক অবৈধ দখলদারের কারণে নগরবাসী প্রতিদিন ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে কোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।
বিজ্ঞাপন
এর আগে, ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা দিয়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি প্রশাসক বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং নগর ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে নগরের সমস্যাগুলো সম্পর্কে সরাসরি ধারণা নেন।
এএমকে
