বিজ্ঞাপন

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় বাংলাদেশ কৃষি ব্যাংক, পেল সিলভার অ্যাওয়ার্ড

অ+
অ-
রেমিট্যান্স আহরণে দ্বিতীয় বাংলাদেশ কৃষি ব্যাংক, পেল সিলভার অ্যাওয়ার্ড

রেমিট্যান্স আহরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিলভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে দেশের সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থান দখল করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই বিশেষায়িত ব্যাংকটি।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দীন স্বপন, এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় সঞ্চিয়া বিন্তে আলী বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। এই অর্জন ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রমের ফসল। আমাদের বিস্তৃত নেটওয়ার্কের ওপর আস্থা রাখার জন্য আমি প্রবাসী ভাই-বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

সেন্টার ফর এনআরবি-র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামানসহ দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যাংকের নির্বাহী ও এনআরবি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রবাসীদের প্রেরিত অর্থ দ্রুত ও নিরাপদে স্বজনদের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশজুড়ে তাদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে আসছে, যার প্রতিফলন ঘটেছে এবারের এই অনন্য অর্জনে।

বিজ্ঞাপন

এমএএস

বিজ্ঞাপন