বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মোল্লা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান মোল্লা কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রেখেছিলেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা ২ হাজার ৬০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি অবৈধ মজুতদারদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এসএইচএ
