বিজ্ঞাপন

অ+
অ-
‘বর তুমি কার’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবকদের সম্মতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে প্রবাসী বাবু মিয়ার একাধিক বিয়ের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনা জানাজানির পর এলাকাবাসী ওই প্রতারক যুবকের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে মৃত আবেদ আলী দর্জির ছেলে অভিযুক্ত বাবু মিয়ার বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রতিবাদকারীরা অভিযুক্ত বাবু মিয়ার ছবি সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। একটি পোস্টারে লেখা ছিল ‘বর তুমি কার!’

মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দুবাই প্রবাসী বাবু মিয়া ইতোমধ্যেই পাশাপাশি দুটি গ্রামে বিয়ে করেছেন। যা প্রতারণার সামিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। এটি শুধু পারিবারিক নয়, সামাজিক মূল্যবোধের ওপরও আঘাত হানছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। 

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, বাবু মিয়া কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে কোনো নিবন্ধন না করেই প্রবাসে থাকাকালীন দুই পরিবারের উপস্থিতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে একই গ্রামের জয়নাল দর্জির এইচএসসি প্রথম বর্ষে কলেজ পড়ুয়া মেয়েকে প্রথম বিয়ে করেন। এরপর একইভাবে পার্শ্ববর্তী নওদাবস গ্রামের জনৈক সিরাজুল হকের কলেজ পড়ুয়া মেয়েকে ভিডিও কলের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেন। 

স্থানীয় আলামিন মিয়া, আব্দুল জলিল ও মোর্শেদ আলীসহ অনেকেই বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। আমরা এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চাই।

বড়ভিটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

বড়ভিটা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত বাবু মিয়ার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মমিনুল ইসলাম বাবু/এসএইচএ