পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে প্রায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে থামতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটক হওয়ার পর তিনি কৌশলে প্রায় ১০-১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
বিজ্ঞাপন
এনটি
