বিজ্ঞাপন

পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ

অ+
অ-
পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

অভিযান চলাকালে নায়েক মো. ইব্রাহিমের নেতৃত্বে টহল দল সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করে। রাত আনুমানিক ৮টার দিকে একটি ভ্যানগাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটিতে থাকা একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক মো. ইসরাফিল হোসেন (৪৯) জানান, জব্দকৃত তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় পাচারের এই চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত তেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আফজালুল হক/এনটি

বিজ্ঞাপন