কুড়িগ্রামে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার আসামি রবিউল ইসলাম রনি। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা ফিলিং স্টেশনে তেল নিতে আসলে তাকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশ।
রবিউল ইসলাম রনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মণ্ডলকে হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আব্দুল্লা হীল জামান।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনকে রবিউল ইসলাম রনিসহ ৪/৫জন মিলে পথরোধ করে হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে দেশী অস্ত্র দিয়ে জখম করে। পরে আমজাদকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আমজাদ হোসেনের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রনি, খাইরুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জানুয়ারি মাসে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এছাড়াও গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম রনির বিরুদ্ধে একই থানায় সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ এবং রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যাচেষ্টা মামলা রয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হীল জামান বলেন, বাদী মোক্তার হোসনের করা মামলায় রবিউল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চেয়ারম্যানকে হত্যাচেষ্টাসহ আরও দুটি মামলা রয়েছে।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ
