বিজ্ঞাপন

রংপুরের উন্নয়ন ও সংকট উত্তরণে কাজ করার অঙ্গীকার নতুন ডিসির

অ+
অ-
রংপুরের উন্নয়ন ও সংকট উত্তরণে কাজ করার অঙ্গীকার নতুন ডিসির

জেলার সমস্যা, সংকট ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমের বিভাগীয় জেলা হিসেবে রংপুরকে এগিয়ে নিতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। একই সঙ্গে তিনি সাংবাদিকসহ রংপুরবাসীকে সাথে নিয়ে জেলার উন্নয়ন ও সংকট উত্তরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন তার বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শ্যামপুর চিনিকল চালু করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ইপিজেড স্থাপন, দ্বিতীয় বিসিক শিল্পনগরী স্থাপন, খেলাধুলার মানোন্নয়নে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ, বিশেষায়িত শিশু হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করা, শ্যামাসুন্দরী ও কেডি খাল সংস্কার ও পুনঃখনন, মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান বৃদ্ধি, যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে আলাদা লেন নির্ধারণ, রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ, হাড়িভাঙ্গা আম সংরক্ষণ ও আলু, মিষ্টি কুমড়া এবং আমের বৈদেশিক বাজার সম্প্রসারণসহ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, সকলের আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন কখনও সম্ভব হয় না। আমি সরকারি চাকরিজীবী হিসেবে যতদিন থাকব, নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে চাই। এ জেলার সমস্যা, সংকট ও সম্ভাবনাগুলোকে সরকারের নজরে আনার চেষ্টা করব। এ জন্য গণমাধ্যম কর্মীদের ভূমিকাও জরুরি। আপনাদের (সাংবাদিকদের) সংবাদ ও পরামর্শ এখানকার উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, সাংবাদিক মেরিনা লাভলী, স্বপন চৌধুরী, মোহাম্মদ নুরুজ্জামান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, ফরহাদুজ্জামান ফারুক, শাহরিয়ার মিম ও জুলফিকার জুয়েলসহ অন্যরা বক্তব্য রাখেন।

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ

বিজ্ঞাপন