আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন দলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী সিরাজুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ যেভাবে এনসিপির প্রার্থীদের প্রতি সমর্থন দেখিয়েছে, তাতে দলটি আশাবাদী স্থানীয় সরকার নির্বাচনেও সেই আস্থার প্রতিফলন ঘটবে। মেয়র পদে অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।
বিজ্ঞাপন
মেয়র প্রার্থী তারিকুল ইসলাম বলেন, জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নিয়েই এগোচ্ছে এনসিপি। ইতোমধ্যে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে দলটি একক প্রার্থী ঘোষণা করেছে। আগেভাগেই প্রার্থী ঘোষণা করার লক্ষ্য হলো, সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং বিজয়ের লক্ষ্যে সুপরিকল্পিতভাবে মাঠে নামা।
এর আগে নজরুল ইনস্টিটিউট হল রুমে সাংগঠনিক সভা করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরিফ আজগর/আরএআর
