কুমিল্লার দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধ্বসে পড়ে সিফাত (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর মাদ্রাসার দুই শিক্ষক আত্মগোপনে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর কওমি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী সিফাত উপজেলার বড়শালঘর এলাকার মাসুম রহমানের ছেলে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ছোট আলমপুর কওমি মাদ্রাসাটির একটি পুরনো দেয়াল ভেঙে নতুন করে নির্মাণের কাজ করছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় মিস্ত্রিদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে পুরনো দেয়ালটি ভাঙার কাজ করাচ্ছিলেন। হঠাৎ কাজ করতে থাকা শিক্ষার্থী সিফাতের ওপর ধসে পড়ে দেয়ালের বড় একটি অংশ। এ সময় অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা গিয়ে সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক আজিজ এবং আনিস পালিয়ে যান। যতটুকু জেনেছি মিস্ত্রিদের পাশাপাশি শিক্ষার্থীরাও দেয়াল ভাঙার কাজ করছিল। হঠাৎ বড় একটি অংশ সিফাতের ওপর পড়লে এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ আজগর/এনটি
