কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে হতাহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। বোরো মৌসুমের ধান কাটতে তারা দিনাজপুর থেকে নোয়াখালী যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে ৭ জন ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরও ৬ জন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নিহতদের স্বজনরা মরদেহ বুঝে নিতে দাউদকান্দি হাইওয়ে থানায় আসেন। এসময় সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান তারা।
নিহত সোহরাবের ভগ্নিপতি জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, হতাহত সকলেই দিনমজুরের কাজ করেন। ধান কাটার মৌসুমে এলাকা থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গের নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং ফেনীতে যান ধান কাটতে। এত দূরের পথ পাড়ি দিতে কম খরচে ট্রাকসহ বিভিন্ন মালবাহী গাড়ির ওপর চড়ে যান।
জসীম উদ্দিন জানান, হতাহত সবাই সোমবার বিকেলে দিনাজপুর থেকে নোয়াখালী যাচ্ছিলেন ধান কাটার কাজ করতে। নিহত সোহরাব তার স্ত্রীর বড় ভাই। সোহরাবই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
বিজ্ঞাপন
অপরদিকে, চাল বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাতে মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় এলে ট্রাকটির চালক হেলপারকে চালকের আসনে বসিয়ে ট্রাকটি চালাতে দেন। রাত তিনটার দিকে দাউদকান্দির হাসানপুর এলাকায় এলে ভারী মালবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায় বলে সাংবাদিকদের জানিয়েছেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া জাহাঙ্গীর আলম।
অপরদিকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, নিহতদের মরদেহ বাড়ি নিয়ে দাফন করা এবং আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে। আমরা নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
বিজ্ঞাপন
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান ঢাকা পোস্টকে বলেন, একটি মালবোঝাই গাড়ির ওপরে চড়ে এতগুলো লোক দিনাজপুর থেকে কুমিল্লায় চলে এলো কোথাও কোনো পুলিশ সদস্য সেটি আটকাননি! মালবাহী গাড়িতে যাত্রী উঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও প্রশাসনের গাফিলতির ফলাফল এই দুর্ঘটনা। আমরা সরকারের কাছে এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত তিনটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত হন ৬ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। নিহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা।
তারা হলেন, নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫)৷ মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।
আরিফ আজগর/এসএইচএ
