বিজ্ঞাপন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী ও স্বজনরা। 

নিহত ওই যুবকের নাম গিয়াস হাওলাদার। তিনি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের ওহাব হাওলাদারের ছেলে। ৫ ভাই দুই বোনের মধ্যে নিহত গিয়াস হাওলাদার সবার ছোট। 

পরিবার ও এলাকাবাসী জানায়, জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় পারি জমান গিয়াস হাওলাদার। সেখানে গড়ে তুলেছেন একটি বস্ত্র কারখানা। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বৃহস্পতিবার রাতে দেশে ফেরার প্রস্তুতি নেন তিনি। বিমানের টিকিটও ক্রয় করেছিলেন। কিন্তু ভাগ্যের কাছে হেরে গেলেন গিয়াস।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মোটরসাইকেলে চড়ে বাসায় ফেরার পথে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মারা যান গিয়াস হাওলাদার। পরে দিবাগত রাত ৮টার দিকে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা।

দেশে মরদেহ আনার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

আরএআর