বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের রায় শুনেই জ্ঞান হারিয়ে ফেললেন অভিযুক্ত

ভ্রাম্যমাণ আদালতের রায় শুনেই জ্ঞান হারিয়ে ফেললেন অভিযুক্ত

নীলফামারীর ডোমারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমানার রায় শুনে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান ফারুক হোসেন নামে এক অভিযুক্ত। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার হরিনচড়া ধরধরার পাড় এলাকার দেওনাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, হরিনচড়া ধরধরার পাড় এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ফারুখ হোসেন (৩০) ও ডিমলা উপজেলার ট্রাক্টরচালক অমল রায় (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে আশপাশের ফসলি জমি ও সড়ক হুমকির মুখে পড়ছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বালুবাহী গাড়িসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের রায় শুনে ঘটনাস্থলেই ফারুক হোসেন নামে এক অভিযুক্ত অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময়ে রায় শুনে একজন অজ্ঞান হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি সুস্থ আছেন।

শাহজাহান ইসলাম লেলিন/এমএএস

 

বিজ্ঞাপন