বিজ্ঞাপন

চাচাদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল ৫ বছরের শিশুর

চাচাদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল ৫ বছরের শিশুর

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আপন চাচাদের বিরুদ্ধে ৫ বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় (৫) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।

জানা গেছে, বাড়িতে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। হামেদ আলী তার ভাই ফারুক হোসেনের গোয়ালঘরের পাশে মাটি ফেলতে গেলে বাধা দেওয়া হয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। হামেদ আলীর পক্ষ নিয়ে আরও তিন ভাই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে যোগ দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফারুক হোসেন তার শিশুসন্তান মাহতাব হোসেন হৃদয়কে কোলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

তবে দৌড়ানোর সময় শিশুটি তার কোল থেকে মাটিতে পড়ে যায়। সেই সুযোগে অভিযুক্ত চাচারা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির ওপর আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সাইফুল ইসলাম কাদের ঢাকা পোস্টকে বলেন, এই ঘটনায় একটি মামলা দিয়েছে পরিবার। মামলাটি রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

নাজমুল হাসান/এসএইচএ

বিজ্ঞাপন