বিজ্ঞাপন

ট্রাক দুর্ঘটনায় ৩৫০ মুরগির মৃত্যু, দুই সরবরাহকারী আহত

ট্রাক দুর্ঘটনায় ৩৫০ মুরগির মৃত্যু, দুই সরবরাহকারী আহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় ৩৫০টি মুরগি মারা গেছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামে দুইজন আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনাঘাট এলাকায় সোহেল মিয়ার জিদান ব্রয়লার হাউজ থেকে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে একটি ট্রাক গতকাল রোববার রাতে রওয়ানা দেয়। সোমবার ভোর ৬টার দিকে গাড়িটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটিতে থাকা ৩৫০টি মুরগি মারা যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সরবরাহকারীদের। 

দুর্ঘটনায় আহত মোবারক হোসেন ও সানি আহমেদ ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়া ও হেলাল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুরগি সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই কিছু স্থানীয় ব্যক্তি ট্রাক থেকে অনেক মুরগি লুটপাট করে নিয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আলামিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএআর