ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে কবির খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গ্রেপ্তারের পর তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের কাজে বাধা দেয়। একপর্যায়ে ১০-১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ পর কবির খানকে হাতকড়া ছাড়াই এলাকায় দেখা যায়। পরে একটি পরিত্যক্ত স্থান থেকে হাতকড়া উদ্ধার করে পুলিশ।
চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, হামলার পর স্থানীয়দের সহায়তায় হাতকড়াটি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে।
চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযুক্ত কবির খানকে গ্রেপ্তারের সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
হাতকড়া বা পুলিশের কিছু খোয়া যায়নি দাবি করে ওসি বলেন, পুলিশের কিছুই খোয়া যায়নি। শুধুমাত্র মোটরসাইকেলে তোলার সময় আসামি দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
জহির হোসেন/আরএআর
