বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ২০২৫ এর প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জে ২০২৫ এর প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে ভুল প্রশ্নপত্র তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কানসাট সোলায়মান ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে এবং খাতা মূল্যায়নে বিশেষ বিবেচনার দাবি জানিয়ে বুধবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্ত তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অভিযুক্ত তিন শিক্ষক হলেন, বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান ও দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী তাহমিদুর রহমানসহ আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজের ৮ নম্বর কক্ষে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার শুরুতে কক্ষ পরিদর্শক তাদের হাতে ২০২৬ সালের সংশোধিত (শর্ট) সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের ফুল সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেয়। কিন্ত বহু নির্বাচনী প্রশ্ন পত্রটি ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী দেয়। এসময় শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। উল্টো পরীক্ষার্থীদের সেই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী তাহমিদুর রহমান অভিযোগে আরও উল্ল্যেখ করেন, আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের সঠিক প্রশ্নপত্র দেওয়া হয়নি। এমনকি পরীক্ষা শেষে বিষয়টি দায়িত্বরত শিক্ষককে পুনরায় জানানো হলে তিনি কোনো সহযোগিতা না করে আমাদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেন।

এছাড়া একইভাবে কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী তমিজ উদ্দীন, তামিম ইকবাল ও নাইম হোসেনকেও আগের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগটি রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে এবং অভিযুক্ত তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

আশিক আলী/এমএএস