ভোলার দৌলতখান উপজেলার কয়েকটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এরমধ্যে ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।
কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দৌলতখানের বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় ৬টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খাইরুল ইসলাম/এসএইচএ
