বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাজবাড়ীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে জান্নাতি (১৩) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার নয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জান্নাতি ওই এলাকার জিন্না আলী খানের মেয়ে।

জানা যায়, শুক্রবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় জান্নাতির নিথর দেহ দেখতে পান।

তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে

বিজ্ঞাপন