বিজ্ঞাপন

সড়কের বেহাল দশা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

সড়কের বেহাল দশা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরা। কয়েক বছর আগেই এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা। সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এই অবস্থায় মুখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কটি পুনঃনির্মাণের দাবি জানানো হয়।  

রংপুর মহানগর নাগরিক কমিটি আয়োজিত এ কর্মসূচিতে কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্য মাহফুজার রহমান, মেহেদী হাসান তরুণ, আমিন মোস্তাজীর, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পার্থ বোস, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক সেলিম চৌধুরী, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহে আলম রিপন, ব্যবসায়ী আশরাফুজ্জামান রাজু, আবেদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা মোড় সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে চলাচল করছে। পুরো সড়কটি খালখন্দে পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। প্রায় সময়ই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে রংপুর সিটি করপোরেশন উদাসীন।

মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ বলেন, দুই বছর ধরে সড়কটি পুনঃনির্মাণে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। মাঝে মধ্যে অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও কোনো অদৃশ্য কারণে নির্মাণ কাজ শুরু হচ্ছে না সেটি আমাদের বোধগম্য নয়। দীর্ঘদিনেও সড়কটি পুনঃনির্মাণ না করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ চরম দায়িত্বহীন ও স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও স্থানীয় সরকার বিভাগ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বলতে কিছু নেই। মানুষ দুর্নীতি-লুটপাটে নিমজ্জিত আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতা দেখতে চায় না। অবিলম্বে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়ক পুনঃনির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সিটি করপোরেশন ঘেরাও, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সড়কটি সংস্কার প্রসঙ্গে জানতে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান বলেন, সড়কটির সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী মাসে কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।

প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই বেহাল এ সড়কটির সংস্কার না হওয়ায় রংপুর সিটি করপোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা পড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয়রা। এরপর ২৫ জুলাই ভাঙা সড়কের ওপর ধানের চারা রোপণ ও রংপুর সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ দেখানো হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ