বিজ্ঞাপন

ছেলের মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা

ছেলের মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা

জন্মের পর থেকে যে মা সন্তানকে প্রথম আগলে রেখেছিলেন, সেই সন্তানের চিরবিদায় তিনি সইতে পারলেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর খবর পাওয়ার মাত্র চার ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা মোছা. জুবাইদা মনি (৮০)। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন (৫৩) গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর থেকে শাহীনের মৃত্যুর সংবাদ ভোররাতে কটিয়াদীর রায়খলা গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারজুড়ে শুরু হয় শোকের মাতম। মা জুবাইদা মনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু বড় ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিথর হয়ে পড়েন। রোববার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা মনে করছেন, ছেলের মৃত্যুশোক সইতে না পেরেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আলতাফ হোসেন শাহীন। ২৪ এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাড়িছাড়া ছিলেন। 

মৃত শাহীনের ভায়রা শাহ আলম ঢাকা পোস্টকে জানান, শাহীনের মা দীর্ঘদিন ধরে বেশ অসুস্থ ছিলেন। ছেলে শাহীনকে তিনি খুব ভালোবাসতেন। দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকলেও মাকে দেখতে প্রায়ই বাড়িতে আসতেন শাহীন। মা-ছেলের মধ্যে গভীর টান ছিল। হয়তো সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক সইতে পারেননি।

কটিয়াদীর ২নং সহশ্রম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, একই পরিবারের মা-ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক বিদায়ে পুরো সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। 

আরএআর

বিজ্ঞাপন