কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, কর্মী রাকিব ও আপন। অপরদিকে ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, কর্মী মাহিন, শরিফুল ইসলাম। আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি ও বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ-এর সত্যতা নিশ্চিত করে বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিসহ বিভিন্ন বিষয়ে ফেসবুকে লেখালেখির জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দাখিল করেননি।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ
