জয়পুরহাটের আক্কেলপুরে টিসিবির পণ্য বিক্রয়কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে, এর মধ্যে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত ছেলেকে জামিন এবং বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, শনিবার (২৫ এপ্রিল) রাতে আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল-মাসুম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে হয়েছে। এর মধ্যে মামলার আসামি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আক্কেলপুর পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লার সাকিবুর রহমান সুমন ওরফে ট্যারা সুমন (৪০) ও তার ছেলে সায়মন সাফিত ওরফে সুজন (১৭)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিকেলে আক্কেলপুর পৌর এলাকার ফজর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় রোডে অবস্থিত নোভা ট্রেডার্স টিসিবি পণ্য বিক্রয়কেন্দ্রে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। এ সময় কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে জোর করে পণ্য নেওয়ার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কয়েকজন তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করেন এবং পুলিশের পিকআপের গতিরোধ করে সেটি কিছু সময়ের জন্য আটকে রাখেন।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত সাকিবুর রহমান সুমন পুলিশের এসআই আব্দুল্লাহ আল মাসুমকে চার ঘণ্টার মধ্যে বান্দরবানে বদলি ও চাকরি খাওয়ার হুমকি দেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বাবা ও ছেলেকে আটক করে। মামলার অন্য আসামিরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চম্পক কুমার/এসএইচএ
