নড়াইলের কালিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে স্কুলের ওপর একটি নারিকেল গাছ ভেঙে পড়ে দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট কালিয়া এলাকায় শামসুন্নাহার কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছোট কালিয়া এলাকার নুর জামাল শেখের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর এলাকার জহির শেখের ছেলে মো. মাজেদুল শেখ (৯)। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার হুমায়ুন কবীর বলেন, স্কুলের পাশের একটি পুরাতন নারিকেল গাছ ঝড়ে স্কুলের ওপর ভেঙে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে আহত সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
স্কুলের সব শিক্ষকরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাহের/এসএইচএ
