টাঙ্গাইলের গোপালপুর চাঁন মিয়া (৪০) নামের এক ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার(২৯ এপ্রিল) দুপুরে উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁন মিয়া উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি বেপারীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চালক চাঁন মিয়া ইজিবাইকে এক প্রসূতি রোগী নিয়ে বাড়ি থেকে গোপালপুর হাসপাতালে আসার পথে ব্যাপারীপাড়া এলে ফরহাদ আলী নামের এক যাত্রী গাড়িতে উঠানোর আবদার করে। কিন্তু যাত্রী প্রসূতি রোগী হওয়ায় অন্য যাত্রীকে গাড়িতে নেওয়া যাবে না বললে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কাতর্কি হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে ফরহাদ চাঁন মিয়ার গলাটিপে ধরলে সে জ্ঞান হারায়। পরে গোপালপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার আঁখি তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চাঁন মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। ইজিবাইকে না উঠতে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা থেকে এ ঘটনা ঘটে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরিফুল ইসলাম/এসএইচএ
