কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়েশা সিদ্দিকা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৪টায় থানাহাট ইউনিয়নের মাচাবান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাচাবান্দা শাহাপাড়ার রাশেদুল ইসলাম আপেল (৩০) এবং তার স্ত্রী মোছা. কহিনুর বেগম (২৬)।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে তারা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। বিকেলে আদালতে তোলা হলে বিচারকের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওসি জানান, আসামিদের একটি শিশুসন্তান রয়েছে, যার বয়স আয়েশার সমান। ঘটনার দিন খেলতে গিয়ে আসামির সন্তান আয়েশার চোখে মারাত্মক আঘাত করে। বিষয়টি ধামাচাপা দিতে গিয়ে আসামি দম্পতি শিশু আয়েশার মুখ চেপে ধরে একটি ড্রামে আটকে রাখেন। সেখানে শ্বাসরোধে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাইরে ফেলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সকালে থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহাপাড়া এলাকার মো. আলমগীর হোসেনের (৩৩) দুই বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাত সাড়ে ৯টার দিকে পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আলমগীর হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চিলমারী থানায় হত্যা মামলা করেন।
মমিনুল ইসলাম/আরএআর
