বিজ্ঞাপন

জামালপুরে ডোবায় মিলল সরকারি ওষুধ

জামালপুরে ডোবায় মিলল সরকারি ওষুধ

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশে একটি ডোবায় ভাসছে বিপুল পরিমাণ সিরাপ, নাপা ট্যাবলেট, বিভিন্ন ক্যাপসুলসহ নানা ধরনের সরকারি ওষুধ। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ধনতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সূত্রে জানা গেছে, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা ক্লিনিকে সব সময় আসে না। বেশির ভাগ সময় ক্লিনিকটি বন্ধ থাকে। ক্লিনিক থেকে রোগীরা ঠিকমতো ওষুধ পায় না। ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে রোগীদের ফিরিয়ে দেন ক্লিনিকের লোকজন। স্থানীয় বাসিন্দাদের ওষুধ না দিয়ে ওই ওষুধ জমিয়ে রেখে পরবর্তীতে সেগুলোর মেয়াদ শেষ হলে ডোবায় ফেলে দেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ধনতলা গ্রামের এক নারী বলেন, গরিব মানুষের চিকিৎসাসেবা নিয়ে এ এক নির্মম তামাশা। অসুস্থ শরীর নিয়ে আমরা মাইলের পর মাইল হেঁটে এসে শুনি ওষুধের সংকটের কথা। যদি সরকার ওষুধ না-ই দেয়, তবে সেই ওষুধ আজ ডোবায় পাওয়া যায় কীভাবে? আমাদের হক এভাবে নর্দমায় না ফেলে যদি আমাদের হাতে পৌঁছে দেওয়া হতো, তবে আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম। ক্লিনিকে ওষুধের অভাব নেই, অভাব শুধু দায়বদ্ধতার।

ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, এই সপ্তাহে আমি দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু এখানে যে ওষুধগুলো আছে, সেগুলোর সঠিক ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই। ক্লিনিকে আমার সঙ্গে আরও দুজন দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছেন। ওষুধগুলো হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. এম আবু তাহের বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এএমকে