কক্সবাজারের কুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আবরার হোসাইন নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (০২ মে) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দরপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পানির গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত আবরার হোসাইন মহেশখালী উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে। সে তার নানা এখলাছের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার (০১ মে) দুপুর একটার দিকে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়।
শিশুটির চাচা সোহেল জানান, আবরার নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বিকেলে তার নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
সোহেল আরও বলেন, শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি নলকূপের পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানির গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ‘নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ইফতিয়াজ নুর নিশান/বিআরইউ
