নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেনের জীবন এখন চরম সংকটে। যে মানুষটির হাসিতে ক্যাম্পাস মুখরিত থাকত, ক্রোনস ডিজিজ নামে বিরল এক রোগ তার সেই হাসি কেড়ে নিয়েছে। তিনি প্রায় দুই মাস ধরে রাজধানীর মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলাউদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেনের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুরের পাহাড়গাঁও গ্রামে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। মেধাবী সাখাওয়াত হোসেন উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হোন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগে।
জানা গেছে, দুই মাসের চেষ্টায় সম্প্রতি সাখাওয়াতের ক্রোনস ডিজিজ শনাক্ত করেছেন চিকিৎসকরা। তবে গত এক মাস যাবৎ সাখাওয়াত কোনো ধরনের ভারী খাবার গ্রহণ করতে পারছেন না। খাবার স্যালাইনের ওপর নির্ভর করেই বেঁচে আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বিরল রোগ ক্রোনস ডিজিজ অপারেশনের জন্য সাখাওয়াতের প্রয়োজন আনুমানিক ৫ লাখ টাকা। তার কয়েকজন সহপাঠী জানান, দীর্ঘদিন সাখাওয়াতের চিকিৎসা চালিয়ে বর্তমানে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এককভাবে এত বিশাল অংকের অর্থ হঠাৎ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তার বন্ধু, সহপাঠী এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সাখাওয়াতের সহপাঠী মুহাম্মদ খলিল উল্যাহ বলেন, আমাদের আইন বিভাগের বন্ধু সাখাওয়াত হোসেন দীর্ঘদিন যাবৎ পাকস্থলীর বিভিন্ন সমস্যাজনিত অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা নিশ্চিত হয়েছেন যে, সে বিরল রোগ ক্রোনস ডিজিজে আক্রান্ত। এমতাবস্থায় তার জরুরি অপারেশন করা লাগবে। যার ব্যয় প্রায় ৫ লাখ টাকা। দীর্ঘদিন চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার পরিবার এখন অনেকটা নিঃস্ব হয়ে গেছে।
তিনি বলেন, তার পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। তাই আমরা তার পক্ষে আপনাদের নিকট মানবিক সাহায্যের আবেদন করছি, যার মাধ্যমে আমরা আবার আমাদের বন্ধুকে আমাদের মাঝে ফিরে পেতে পারি। আপনাদের সামান্য সহযোগিতাই পারে সাখাওয়াতকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।
সাখাওয়াতের আরেক সহপাঠী নাফিসা বলেন, আমাদের বন্ধু সাখাওয়াত দেড়মাস যাবৎ স্যালাইনের ওপরে বেঁচে আছে। ডাক্তার দ্রুত অপারেশনের জন্য বলেছেন। এতে খরচ প্রায় ৫ লাখ টাকা, যা তার পরিবারের একার পক্ষে বহন করা কষ্টের। এমতাবস্থায় আমরা আপনাদের সকলের দ্বারে সাহায্যপ্রার্থী। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাখাওয়াতকে সুস্থ করতে আমাদের পাশে দাঁড়ানোর করজোড় অনুরোধ করছি।
সাখাওয়াতকে সহযোগিতা করতে এই নাম্বারে ০১৭৫২৫২৭৭৭৩ যোগাযোগ করতে পারেন। এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্ট নাম: মো. সাইদুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর: ২০৫০ ২২৫ ৬৭ ০০৫৫২০০১, শাখা: মাইজদী কোর্ট, নোয়াখালী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আরকে
