বিজ্ঞাপন

চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখতেন পল্লিচিকিৎসক, ১ লাখ টাকা জরিমানা

চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখতেন পল্লিচিকিৎসক, ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এম কে এ সাকিদার নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩ মে) দুপুরে শহরের সূত্রাপুর এলাকায় অবস্থিত জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, এম কে এ সাকিদার মূলত একজন পল্লিচিকিৎসক। তবে তিনি প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। নিজের নামের আগে ডা. উপাধি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

অভিযোগ রয়েছে, শহরের বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে তার প্রতিষ্ঠানে নিয়ে আসা হতো। সেখানে চিকিৎসাসেবার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হতো।

অভিযানের সময় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এম কে এ সাকিদার অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কোনো চিকিৎসকের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই চিকিৎসাসেবা গ্রহণ করা উচিত।

আব্দুল মোমিন/আরএআর