বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করার অভিযোগে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত ওই যুবকের নাম নোমান মণ্ডল (২১)। তিনি বগুড়া শহরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার গোসাইবাড়ি আমতলা এলাকার সাইফুল মণ্ডলের ছেলে।
শনিবার (২ মে) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। আজ রোববার সকাল ১১ টার দিকে ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভুতবাড়ি গ্রামের এক পরিবহন শ্রমিকের মেয়ের (১৭) সঙ্গে গত এক বছর ধরে নোমান মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বাবা কর্মক্ষেত্রের প্রয়োজনে টাঙ্গাইলে থাকেন। গত ৪ ফেব্রুয়ারি স্কুলছাত্রীর মা টাঙ্গাইলে স্বামীর কাছে গেলে বাড়িতে একা থাকার সুযোগ নেয় নোমান। ওই দিন রাত ১০টার দিকে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে সে ছাত্রীকে ধর্ষণ করে এবং কৌশলে নিজের স্মার্টফোনে সেই দৃশ্য ভিডিও করে রাখে।
অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ১২ মার্চ রাতে মেয়েটিকে আবারও বাড়ি থেকে ডেকে নেয় নোমান। পার্শ্ববর্তী একটি কাঠ বাগানে নিয়ে তাকে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়। এসময় ভুক্তভোগী ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে নোমান তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীকে রোববার সকালে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত নোমান মণ্ডলকে গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে।
আব্দুল মোমিন/এসএইচএ
