বগুড়ার গাবতলী উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে লামিয়া আক্তার শশী (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোনার তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া ওই গ্রামের সবুজ মণ্ডলের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, টিনশেড বাড়িটিতে বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে এর পাঁচ থেকে দশ মিনিট আগেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই সদস্যরা রওনা দেন, তবে দুর্গম ও বেহাল সড়কের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে রাখা বৈদ্যুতিক সেলাই মেশিন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। পাশে গ্যাসের চুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে লামিয়া নিজে বের হতে পারেননি, স্থানীয়রাও তাকে উদ্ধার করতে পারেননি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে বাড়ির দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আর কোনো প্রাণহানি হয়নি, তবে একজন সামান্য বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত। আগুন নিয়ন্ত্রণে আনার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
আব্দুল মোমিন/আরএআর
