সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিপণের দাবিতে অপহৃত কৃত্রিম প্রজনন (এআই) কর্মী অনিমেষ পরমান্যকে (৫০) দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এআই কর্মী অনিমেষ পরমান্য শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে। তার বয়স প্রায় ৫০ বছর। তিনি স্থানীয়ভাবে কৃত্রিম প্রজনন (এআই) কর্মী বা টেকনিশিয়ান হিসেবে গবাদিপশুর প্রজনন সেবা প্রদান করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ মে) দুপুরে গরুর চিকিৎসার কথা বলে অনিমেষ পরমান্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। পরে তাকে সুন্দরবনের ভেতরে নিয়ে গিয়ে একটি নৌকায় জিম্মি করা হয়। এ সময় তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। রোববার রাতে অভিযান চলাকালে অপহরণকারীরা সোমবার সকালে ভুক্তভোগীকে সুন্দরবন বাজার এলাকায় ছেড়ে দেয়। পরে শাহিনুর রহমান নামের একজনকে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া অনিমেষ পরমান্য জানান, তাকে দুইদিন নৌকায় বেঁধে রাখা হয় এবং মুক্তিপণের টাকা না দেওয়ায় মারধরও করা হয়। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে।
ইব্রাহিম খলিল/এসএইচএ
