বিজ্ঞাপন

বাবাহারা শিশু মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বাবাহারা শিশু মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা ট্রাকচালক হান্নান শেখের দুই বছর বয়সী মেয়ে মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে নিহত হান্নান শেখের বাড়িতে যান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে শিশুটি ও পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

ইউএনও তাৎক্ষণিকভাবে শিশুটির দাদা মো. শাহিদ শেখ ও দাদি নার্গিস বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা, ১০ হাজার টাকা সমমূল্যের চাল, ডাল, শিশুখাদ্য, গুঁড়া দুধ, সুজি ও আটাসহ বিভিন্ন শুকনো খাবার এবং খেলনা তুলে দেন।

ইউএনও এস এম রকিবুল হাসান জানান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুকে প্রতি মাসে ৩০ কেজি চাল সরবরাহের কার্ড করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকও ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা করবেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, মুসলিমার স্থায়ী কল্যাণে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হবে। পরিবার শিশুটিকে এতিমখানায় দিতে রাজি না হওয়ায় দাদা-দাদির কাছে রেখেই তার ভবিষ্যৎ সুনিশ্চিত করার সব ব্যবস্থা সরকার গ্রহণ করবে। মুসলিমার সার্বিক পরিস্থিতি জানিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ে লিখিত নোটও পাঠানো হয়েছে বলে ইউএনও নিশ্চিত করেন।

জহির হোসেন/আরএআর