গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে চলন্ত অটোরিকশার উপর বিদ্যুতের খুঁটি ভেঙে শারমিন ফেরদৌস (৪৭) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার কালিগঞ্জ উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকার বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন ফেরদৌস (৪৭) উপজেলার শিমুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে পল্লী শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের অন্তত ১৭টি খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়।
এ সময় একটি খুঁটি চলন্ত অটোরিকশার উপর পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। একই সাথে খুঁটিসহ সচল তার পাশের একটি পুকুরে পড়ে সেখানে মাছ মরে ভেসে উঠে। এ সময় স্থানীয় লোকজন ওই বিদ্যুৎ স্টেশনে খবর দিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে অটোরিকশার ভেতর থেকে ওই শিক্ষিকাকে মৃত অবস্থায় বের করা হয়। এছাড়াও আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এদিকে, দুর্ঘটনার পর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী ও সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে সড়কে পড়ে থাকা খুঁটি অপসারণ ও মেরামতের কাজ শুরু করেন। পরে রাত ৯টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা আহাদুল ইসলাম জানান, সম্প্রতি বিদ্যুতের খুঁটি স্থাপনের সময় এগুলো শক্তভাবে স্থাপন না করায় এবং ঠিকাদারদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাবের কায়সার জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার আক্তার হোসেন জানান, শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের একাধিক খুঁটি ভেঙে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আশিকুর রহমান/এসএএস
