ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে হকার বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে হকারদের হামলায় অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন- আনাস, সামসুদ্দিন, এম.এইচ মানিক, মুন্নাসহ আরও দুইজন।
আহত আনসার সদস্য এম.এইচ মানিক বলেন, আমরা প্রতিদিন পথচারীদের যাতায়াত নিবিঘ্নে রাখার জন্য কাজ করি। আজ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিদিনের ন্যায় হকার বসতে নিষেধ করা হয়। এ সময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে ৬ জন আনসার সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।
সাভার উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আনিছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হকারদের বসতে না দেওয়ার ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেনি।
লোটন আচার্য্য/এসএইচএ
