বিজ্ঞাপন

‘জুলাই সনদে যা লেখা আছে, সেটা এনসিপি মানতে চাচ্ছে না’

‘জুলাই সনদে যা লেখা আছে, সেটা এনসিপি মানতে চাচ্ছে না’

জামালপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, ‘জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল দস্তখত করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করে নাই, পরে তারাও করেছে। এ সনদে যা লেখা আছে এটা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মানতে চাচ্ছে না।’

শুক্রবার (৮ মে) বিকেলে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা সবাই মিলে একমত হয়ে দস্তখত করলাম, তারপর এটা মানবো না, এটা তো হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব। কিন্তু সনদে যা বলা আছে তা কার্যকর করতে হলে বিল উত্থাপন করে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়ে অনুমোদন করাতে হবে। আর এটা করার জন্য যে সময় দরকার সেটা দিতে হবে। এই সংসদ দায়িত্ব নেওয়ার পরে একশর বেশি অধ্যাদেশ যা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে সেটা সংসদে একটা একটা করে পাশ করতে অনেক দিন সময় চলে গেছে।

তিনি আরও বলেন, সংসদের সদস্য যারা হয়েছেন, তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চায়, আইন বুঝতে না চায়, তাহলে তো হবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে। আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমরা কারো হুমকি-ধামকিতে ভয় পাই না। আমরা অনুরোধ করব, বিষয়টি বোঝার চেষ্টা করুন, সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি- জুলাই সনদ বাস্তবায়ন করব, তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই।

আলোচনা সভায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাঁধন হোসেন/এসএইচএ 

বিজ্ঞাপন