কুড়িগ্রামের রৌমারীতে প্রেমিকার মায়ের করা অপহরণ মামলায় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রেমিকের কাছ থেকে তরুণীকে কেড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৮ মে) সকালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণ-তরুণী দুজনকে জড়িয়ে ধরে আছেন। কয়েকজন জোর করে তরুণীকে টেনে নেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ওই তরুণ-তরুণী বাড়ি থেকে পালিয়ে যান। পরে ৩ মে তরুণীর মা রৌমারী থানায় একটি অপহরণ মামলা করেন। বৃহস্পতিবার (৭ মে) স্বজনরা তাদেরকে খুঁজে বের করেন। মীমাংসার জন্য রৌমারী সদর ইউনিয়ন পরিষদে শালিস বসে। সেখানে তরুণ-তরুণী একে অপরকে ছেড়ে যেতে অপারগতা প্রকাশ করেন। তরুণীকে পরিবারের সদস্যরা জোর করে নিয়ে যান। পুলিশ এসে তরুণকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ওই তরুণের নাম কবির হোসেন। সে একই উপজেলার বন্দবেড় ইউনিয়নের পদ্মার চর এলাকার জাহিদুর ইসলামের ছেলে। তরুণীর বাড়ি রৌমারী ইউনিয়নে।
এ বিষয়টি জানতে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, দুটি পরিবারের সম্মতিতে পরিষদে বৈঠক হয়। কিন্তু ছেলে-মেয়ে কেউ কাউকে ছেড়ে যেতে রাজি না হওয়ায় এ নিয়ে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, অপহরণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ
