বিজ্ঞাপন

বরগুনার আকাশে রহস্যময় আলোর ঝলক

বরগুনার আকাশে রহস্যময় আলোর ঝলক

বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলল রহস্যময় এক আলোর ঝলক। এতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের মন্তব্য। 

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা বিভিন্ন এলাকা থেকে আকাশে এ আলোর ঝলক দেখা যায়। 

বরগুনার আকাশে হঠাৎ ভেসে আসা ওই রহস্যময় আলোর ঝলক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য লিখে পোস্ট করছেন অনেকেই। কেউ কেউ লিখছেন এটি মিসাইল সদৃশ কিছু হতে পারে। আবার অনেকে লিখেছেন- রকেট অথবা ভিন্ন কিছু হবে। তবে, প্রকৃত ঘটনা জানার জন্যই ফেসবুকে পোস্ট করছেন বেশিরভাগ মানুষ।

আরিফ খান নামে একজন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেন, কিছুক্ষণ আগে বরগুনা শহরের ভুতমারা গ্রাম থেকে এই ছবিগুলো তুলেছি। কেউ কি বলতে পারেন- এটা কিসের ছবি? গুগল ঘেটে যা বুঝলাম- এটা মিসাইল সদৃশ।

গোলাম কিবরিয়া নামে আরেকজন লিখেছেন, ধুমকেতু যা বিজ্ঞানের গবেষণা অনুযায়ী প্রতি ৬৪ বছরে একবার দেখা যায়- আকাশে আজ দেখা মিলল।

মো. জিদান নামে আরেকজন লিখেছেন, মাগরিবের নামাজের পর বাসার সামনে দাঁড়ানো হঠাৎ চোখে পরল একটা মিসাইলের মতো লম্বা কিছু একটা। পেছনে টর্চের আলোর মতো দক্ষিণ আকাশে পূর্ব দিকে যাচ্ছে। ধীরে ধীরে দক্ষিণ দিকে মেঘের মধ্যে আড়াল হল। দৌড়ে ছাদে গিয়ে দেখি- দক্ষিণ পশ্চিম কোণ বরাবর এরকম। জিনিসটা কি ছিল জানি না। তবে, এই জিনিসটা আগে মিসাইল হামলার ভিডিওতে দেখছি।

তবে, এই রহস্যময় আলোর ঝলকের বিষয়ে কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আব্দুল আলীম /এসএইচএ