মাগুরার শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুর রহমান সাদিক (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বদনপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামের রাশেদুল ইসলাম রঞ্জুর ছেলে। সে লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাদিক বন্ধুদের সঙ্গে বদনপুর এলাকায় বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় লাঙ্গলবাধ বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় সাদিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি স্থানীয়রা আটক করেছে বলে শুনেছি। সেটি পুলিশের হেফাজতে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
তাছিন জামান/এসএইচএ
