ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমাদের দেশ উন্নত হতে একটি সাংস্কৃতিক রেভলিউশন (বিপ্লব) দরকার। সংস্কৃতিকে আমাদের প্রাধান্য দিতে হবে।
তিনি বলেন, আমাদের দেশ ধর্মীয় গোঁড়ামির মধ্যে এমনভাবে ঢুকে গেছে, গান করা যাবে না, নাচ করা যাবে না—সংস্কৃতি থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছে। তাতে কী হচ্ছে? সমাজে অন্যান্য যে ক্রাইমগুলো, সেগুলো ঢুকে যাচ্ছে।
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাতিন।
নায়াব ইউসুফ বলেন, আমি সাংস্কৃতিক চর্চার জন্য প্রতিটি স্কুল-কলেজে, আপনাদের কলেজেও জোর দেওয়ার কথা বলি। আপনাদের শিক্ষক রাখা উচিত। কলেজে নাচ-গানের জন্য একজন শিক্ষক রাখা উচিত। আপনারা এটা খেয়াল করবেন।
তিনি বলেন, আপনাদের মাঠটা ছোট। এটা বাড়াতে আমি দেখছি কী করা যায়। কারণ ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানসিক যে বিকাশ হয়, তার ফলে সমাজ যে কোনো অন্যায় কাজ থেকে দূরে থাকবে।
নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরের সব স্কুল-কলেজের সমস্যা আমি দেখব। সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তবে আমার প্রত্যাশা, ফরিদপুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজ থেকে আলোকিত মানুষ বের হতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর সমাজ পাব। তা ছাড়া আমরা সুন্দর একটি সমাজ পাব না।
আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, উপাধ্যক্ষ তালুকদার আনিসুল ইসলাম, সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. হেমায়েত হোসেন মোল্লা, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর ভারপ্রাপ্ত অধ্যাপক উস্মে আসমা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহির হোসেন/এএমকে
