বিজ্ঞাপন

কুষ্টিয়া সীমান্তে বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং

কুষ্টিয়া সীমান্তে বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। শনিবার (৯ মে) দুপুরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে এ সতর্কতামূলক প্রচারণা চালায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টার পর সীমান্তের ১৫০ গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভেতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কিংবা গবাদিপশু চরানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিক যেন সীমান্ত এলাকায় অবস্থান না করেন, সে বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। এটা আমরা নিয়মিত করে থাকি। আমরা সবসময় সতর্ক থাকি। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

রবিউল আলম ইভান/এনটি